স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সচিব জানান, হালনাগাদকৃত তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এছাড়া তালিকায় ১ হাজার ২৬৭ জন হিজড়া ভোটার রয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশন ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত। নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। ভোটকেন্দ্রের সংখ্যার বিষয়ে তিনি জানান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ নাকি সিটি করপোরেশন—কোন স্তরের নির্বাচন আগে হবে, তার ওপর ভিত্তি করেই চূড়ান্ত ভোটকেন্দ্র নির্ধারণ করা হবে। নির্বাচনী তফসিল ও রূপরেখা স্পষ্ট হওয়ার পরই কেন্দ্র সংখ্যা চূড়ান্ত করবে কমিশন।
ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী, গত ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬-এর মাধ্যমে দাবি, ফরম-৭-এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮-এর মাধ্যমে সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। ২৭ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করা হয়েছে এবং ২৮ আগস্টের মধ্যে গৃহীত সিদ্ধান্তগুলো তালিকায় সংযোজন করা হয়েছে।
নির্বাচন কমিশন আগামী সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে। সংস্থাটির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনগুলো আগে অনুষ্ঠিত হতে পারে।

















