সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মূল্যস্ফীতি ও বাজেটের ওপর চাপ কমাতে নতুন বেতন কাঠামো দুই অর্থবছরে চার ধাপে বাস্তবায়ন করা হবে। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল চূড়ান্ত করা হয়েছে। সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণের পাশাপাশি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলার বিষয়টিও এই পরিকল্পনায় বিবেচনায় নেওয়া হয়েছে।
নতুন পে-স্কেলে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে। গ্রেড-১-এর জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং ২০তম গ্রেডের জন্য বেতন ২০ হাজার টাকা ধরা হয়েছে।
সোমবার সকালে নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থান, সরকারের ওপর সম্ভাব্য আর্থিক প্রভাবসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার বৈঠকে উপস্থিত ছিলেন।

















