হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য প্রাণ হারিয়েছেন। সোমবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল। এই ঘটনায় আরও চারজন সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক সাংবাদিকদের এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানিয়েছেন, দুর্ঘটনাজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে এবং এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে এবং তাদের পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

















