সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে শুরু করে ২০২৭ সাল পর্যন্ত মোট তিন ধাপে মূল বেতন কার্যকর করা হবে। এরপর ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে বেতন ও ভাতা একযোগে কার্যকর হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নতুন বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্বল্প আয়ের কর্মচারীদের বিষয়টি বিবেচনায় রেখে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই গ্রেডগুলোর ক্ষেত্রে প্রথম ধাপে এ বছরের জুলাই থেকে ছয় মাসের জন্য ৫০ শতাংশ বর্ধিত মূল বেতন কার্যকর হবে। এরপর ২০২৭ সালের জানুয়ারি মাসে দ্বিতীয় ধাপে আরও ২৫ শতাংশ এবং একই বছরের জুলাই মাসে তৃতীয় ধাপে অবশিষ্ট ২৫ শতাংশ কার্যকর হবে। ফলে এই গ্রেডের চাকরিজীবীরা প্রথম ধাপে ৫০ শতাংশ, দ্বিতীয় ধাপে ৭৫ শতাংশ এবং শেষ ধাপে মূল বেতনের শতভাগ বর্ধিত অংশ পাবেন।
অন্যদিকে, প্রথম থেকে নবম গ্রেডের চাকরিজীবীদের জন্য প্রথম ধাপে গত ১ জুলাই থেকে ৪০ শতাংশ বর্ধিত মূল বেতন কার্যকর হবে। পরবর্তী ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি ৩০ শতাংশ এবং তৃতীয় ধাপে ২০২৭ সালের ১ জুলাই থেকে বাকি ৩০ শতাংশ বাস্তবায়িত হবে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে নতুন বেতন কাঠামোর বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, চলতি বছরের জুলাই থেকে প্রথম অংশ কার্যকর হবে এবং ছয় মাস অন্তর পরবর্তী অংশগুলো কার্যকর করা হবে। ২০২৭ সালের শেষ নাগাদ মূল বেতনের তিন ধাপের বাস্তবায়ন সম্পন্ন হবে এবং ২০২৮ সাল থেকে বেতন ও ভাতার পূর্ণাঙ্গ কাঠামো কার্যকর হবে।

















