জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি অভিনয় থেকে দীর্ঘসময় দূরে থাকলেও তাকে নিয়ে আলোচনার রেশ কাটছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি জানিয়েছেন, জীবনের বাকি সময়টা তিনি ধর্মীয় অনুশীলনের মাধ্যমে অতিবাহিত করতে চান। অতীতে জীবনে যেসব পাপ করেছেন, তা থেকে মুক্তি পেয়ে সুন্দরভাবে মৃত্যুবরণ করাই তার বর্তমান প্রত্যাশা। তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, যার রেশ ধরে এবার নিজের মতামত প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে প্রভা শিল্পীর পরিচয়, শিক্ষা, সংস্কৃতিচর্চা ও মূল্যবোধের গুরুত্ব নিয়ে কথা বলেন। যদিও পুরো পোস্টে তিনি কোথাও পপির নাম উল্লেখ করেননি, তবুও পপির সাম্প্রতিক বক্তব্যের পরপরই এমন পোস্ট সামনে আসায় নেটিজেনদের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকেই পপির মন্তব্যের সঙ্গে প্রভার এই বার্তার যোগসূত্র খুঁজছেন।
প্রভা তার পোস্টে লিখেছেন, যদি কোনো পরিচয় একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তবে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলা উচিত। তিনি আরও উল্লেখ করেন, আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক। যারা এই অঙ্গনে আসবে তাদের শিক্ষা, মূল্যবোধ ও নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসা উচিত বলে তিনি মন্তব্য করেন।
শিল্পীর মর্যাদা প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে প্রভা লিখেছেন, শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয় এবং একটি সংস্কৃতি। একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা হতে পারে না। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা পপির ধর্মীয় জীবনযাপনের ইচ্ছা প্রকাশ এবং তাকে ঘিরে প্রভার এই বার্তা—সব মিলিয়ে দেশের বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে প্রভা সরাসরি কাউকে উদ্দেশ্য করে কিছু না বলায়, এটি পপির বক্তব্যের প্রতিক্রিয়ায় কি না, তা নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি।

















