জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা নাটকের শুটিং শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শ্রীমঙ্গলে একটি প্রজেক্টের শুটিং শেষ করে তিনি ও তার টিমের সদস্যরা প্রাইভেটকারে করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে ভৈরব ব্রিজ ও টোল প্লাজা পার হওয়ার পর একটি মোড়ে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের গাড়িতে সজোরে ধাক্কা দেয়।
এই ভয়াবহ ধাক্কায় গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও তিশা এবং তার সঙ্গে থাকা ফটোগ্রাফার ও সহকারী বড় ধরনের কোনো ক্ষতি ছাড়াই অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনার পরপরই পিকআপটির চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তিশার গাড়ির চালক মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন এবং কিছু দূর গিয়ে সেটিকে আটক করতে সক্ষম হন। যদিও পিকআপচালক গাড়িটি রাস্তায় ফেলে চাবি নিয়ে পালিয়ে যান।
পরবর্তীতে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারকি শুরু করে। ফেসবুক লাইভে দুর্ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিশা জানান, পিকআপটির ধাক্কা ছিল বেশ জোরালো। তবে ভয়াবহ এই দুর্ঘটনার পরও সবাই নিরাপদে আছেন বলে তিনি আশ্বস্ত করেন।

















