রাজনীতি

গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

প্রতিবেদক
সব খবর

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। ২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে উল্লেখ করে তিনি গুমের শিকার ব্যক্তিদের স্মরণের পাশাপাশি তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, প্রিয়জন হারানোর যন্ত্রণা কেবল ভুক্তভোগী পরিবারই বোঝে, যা তাদের বছরের পর বছর মানসিক ট্রমা ও মানবিক সংকটের মুখে ঠেলে দেয়।

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিরোধী দলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত সাত শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন। তিনি ‘আয়নাঘর’-এর মতো গোপন বন্দিশালার কথা উল্লেখ করে বলেন, এটি মৌলিক মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তিনি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী ও ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম ফিরে এলেও জামায়াত নেতা হাফেজ জাকির হোসাইন, আল মোকাদ্দাস, মোহাম্মদ ওলিউল্লাহ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো ব্যক্তিদের এখনো খুঁজে না পাওয়ার বিষয়টি তুলে ধরেন।

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ প্রণয়ন করা হলেও বর্তমান সরকার তা আইনে পরিণত করতে অস্বীকৃতি জানিয়েছে বলে তিনি অভিযোগ করেন। সরকার এই অধ্যাদেশের বিধানে অসঙ্গতি রয়েছে দাবি করে তা যাচাই-বাছাইয়ের কথা বলছে। ডা. শফিকুর রহমান নতুন খসড়া বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, গুমের মতো গুরুতর অপরাধের তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া এবং ফৌজদারি কার্যবিধি অনুসরণের বিষয়টি অবিবেচনাপ্রসূত। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত পুনরায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতেই রাখা এবং গুমের তথ্যভাণ্ডার সরকারের অধীনে রাখার বিষয়টি নিরপেক্ষতা নিয়ে সংশয় তৈরি করে বলে তিনি মনে করেন।

বিবৃতির শেষাংশে তিনি আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকার এই মানবিক সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। তিনি নিখোঁজ ব্যক্তিদের অক্ষত অবস্থায় উদ্ধারের পাশাপাশি গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ থেকে বেরিয়ে এসে গুমকে বিশেষ অপরাধ হিসেবে স্বীকৃতি প্রদান এবং একটি স্বাধীন আইনি কাঠামো গঠনের আহ্বান জানান তিনি।

সব খবর