বিনোদন

২ হাজার থেকে ১৮ কোটি রুপি: নয়নতারার সাফল্যের অদম্য যাত্রা

প্রতিবেদক
সব খবর

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সফল ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী নয়নতারা। অথচ তার ক্যারিয়ারের শুরুর দিকে পারিশ্রমিক ছিল মাত্র ২ থেকে ৩ হাজার রুপি। বর্তমানে প্রতিটি ছবির জন্য তিনি ১২ থেকে ১৮ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। সম্প্রতি এক পডকাস্টে নিজের জীবনের এই দীর্ঘ সাফল্যের পেছনের কঠিন সময়ের কথা তুলে ধরেছেন তিনি।

নয়নতারার শৈশব কেটেছে এক জায়গায় থিতু হয়ে নয়। ভারতীয় বিমানবাহিনীতে কর্মরত বাবার চাকরির সুবাদে দিল্লি ও গুজরাটসহ ভারতের বিভিন্ন জায়গায় তার স্কুলজীবন অতিবাহিত হয়। কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ার সময় নানা ভাষাভাষী বন্ধুদের সঙ্গে বেড়ে ওঠায় নিজেকে কখনো আলাদা মনে হয়নি তার। তবে বাবার অবসরের পর পরিবার কেরালায় ফিরে গেলে পরিস্থিতি বদলে যায়। নিজের রাজ্যেই তিনি নিজেকে বহিরাগত মনে করতে শুরু করেন। তিনি জানান, তার সহপাঠীদের জীবনধারা ছিল তার পরিবারের চেয়ে সম্পূর্ণ আলাদা, যার অনেকেই দুবাই বা আবুধাবি থেকে ফিরেছিল।

সেই সময়টিকে জীবনের অন্যতম নিচু পর্যায় হিসেবে বর্ণনা করে নয়নতারা জানান, তিনি ভীষণ আত্মবিশ্বাসহীনতায় ভুগতেন। কেরালায় ফিরে আসাটাকেও তখন জীবনের ভুল বলে মনে হতো তার। দিল্লি-গুজরাটের স্কুলের শিক্ষক ও বন্ধুদের আন্তরিকতা তিনি খুব মিস করতেন এবং পড়াশোনাতেও নিজেকে খুব একটা দক্ষ মনে হতো না। তবে ১৫ বছর বয়সী সেই মেয়েটিকে আজ ফিরে গিয়ে তিনি কেবল একটি কথাই বলতে চান, আর তা হলো—তুমি পারবে।

কলেজে পড়ার সময় শখের বশে মডেলিং শুরু করেছিলেন নয়নতারা। একটি ফ্যাশন অনুষ্ঠানে মডেল হিসেবে কাজ করে তিনি প্রথম ২ থেকে ৩ হাজার রুপি পারিশ্রমিক পান। সেই কাজের সূত্র ধরেই পরিচালক সত্যন অন্তিক্কাডের নজরে পড়েন তিনি। এরপর ২০০৩ সালে ‘মনসিনাক্কারে’ ছবিতে অভিনয়ের সুযোগ আসে। সিনেমার ক্যারিয়ার গড়ার কোনো পরিকল্পনা না থাকলেও কেবল একটি ছবির কাজ হিসেবে তিনি এতে রাজি হন।

ছবিটি বড় সাফল্য পাওয়ার পর ফাজিলের ‘ভিস্ময়াথুম্বাথ্‌থু’-তে মোহনলালের বিপরীতে অভিনয়ের সুযোগ পান তিনি। দর্শকের প্রশংসা তাকে বদলে দেয় এবং তিনি অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তই তাকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সফল নারী তারকায় পরিণত করেছে। ২ হাজার রুপির মডেল থেকে কোটি রুপির এই অভিনেত্রী এখন আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এক জীবন্ত উদাহরণ।

সব খবর