দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করেছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নতুন বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখেই নতুন এই স্কেল নির্ধারণ করা হয়েছে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। সরকারের হিসাব অনুযায়ী, নতুন কাঠামোয় সর্বনিম্ন গ্রেডের মূল বেতন আগের তুলনায় ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের বেতন ১০০ শতাংশ বৃদ্ধি পাবে। এই স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও তা একবারে বাস্তবায়ন করা হচ্ছে না।
সরকারের আর্থিক সক্ষমতা ও মূল্যস্ফীতির চাপের কথা বিবেচনায় নিয়ে মূল বেতন তিন ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে এই ধাপগুলো সম্পন্ন হবে। বাস্তবায়নের ক্ষেত্রে ১০ম থেকে ২০তম গ্রেডের স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
পেনশন সুবিধার ক্ষেত্রেও নতুন পরিবর্তন আনা হয়েছে। ‘এক গ্রেড এক পেনশন’ বা ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন (ওআরওপি) এখনই পুরোপুরি বাস্তবায়ন না করে ২০৩০ সালের মধ্যে তা পর্যায়ক্রমে করার সিদ্ধান্ত হয়েছে। তবে বিকল্প হিসেবে পেনশন বাড়ানোর নতুন একটি ফর্মুলা অনুমোদিত হয়েছে, যা কম পেনশন পাওয়া ব্যক্তিদের বেশি সুবিধা দেবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশনভোগীদের পেনশন ১০০ শতাংশ বৃদ্ধি পাবে। একইভাবে ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ৭৫ শতাংশ, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকার বেশি পেনশনের ক্ষেত্রে ৫৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে।

















