রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ শহর ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী রোববার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া এই সফরকে কেন্দ্র করে পুরো ঠাকুরগাঁও জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। রাষ্ট্রপতির আগমনের খবরে তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ।
সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। পরদিন ৭ সেপ্টেম্বর তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া সংক্ষিপ্ত এই সফরে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ৭ সেপ্টেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সবার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে এবং তাকে দেখার জন্য স্থানীয়রা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

















