প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৪৩। হবিগঞ্জের মাধবপুর বাজারে অবস্থিত ‘আবাসিক হোটেল তাজমহল’-এ অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ সরকারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে হোটেল ম্যানেজারসহ অনৈতিক কাজে লিপ্ত থাকা ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নীলফামারীর জলঢাকা উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রশিদ (৩১), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের হাবিবুর রহমানের ছেলে রুবেল (২৫), বিজয়নগর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে জালাল উদ্দিন (২৮) এবং একই গ্রামের মৃত আবু মিয়ার মেয়ে খাদিজা (২১)। এছাড়াও গ্রেপ্তারকৃতদের তালিকায় রয়েছেন মেঘশিমুল গ্রামের আলিম মিয়ার মেয়ে মুন্নী আক্তার (২৩), ফরিদ মিয়ার মেয়ে নুরুন্নাহার ওরফে খাদিজা (৪০), হানিফ মিয়ার মেয়ে সুমাইয়া (২০), আব্দুল হাসিমের ছেলে তোফাজ্জল (২৫), মাধবপুর উপজেলার মদনপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সজিব মিয়া এবং পৌর শহরের কাটিয়ারা গ্রামের সুবিনয় চন্দ্র পালের ছেলে সুরঞ্জিত পাল সোহেল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

















