জনপ্রত্যাশা অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি ঘটাতে আরও কিছুটা সময়ের প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি জানিয়েছেন, বর্তমান সার্বিক পরিস্থিতির চিত্রে সরকার সন্তুষ্ট। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার প্রতিটি জেলা থেকে নিয়মিত মাসিক ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এবং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। পরবর্তীতে সারাদেশের সব তথ্য একত্রিত করে একটি সামগ্রিক চিত্র তৈরি করা হয়। তিনি বলেন, আমরা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে কাজ করছি। এ ক্ষেত্রে কোনো জেলা পর্যায়ে তথ্যের বিভ্রান্তি বা ভুল থাকলে তা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।
সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা চাইলে পুলিশ সদর দপ্তরে গিয়ে যাচাই করতে পারেন। জেলা পর্যায় থেকে তথ্য কীভাবে সংগৃহীত হয় এবং সেখানে কোনো ভুল বা ভুল তথ্য আছে কি না, তা আপনারা নিজেরাই খতিয়ে দেখতে পারেন। তিনি আরও উল্লেখ করেন যে, তিনি যেকোনো মন্তব্য বা তথ্য প্রদানের ক্ষেত্রে পুলিশি রেকর্ড, প্রমাণ এবং তথ্যের ওপর ভিত্তি করে কথা বলেন। অন্য কোনো উপদেষ্টার বক্তব্যের বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই বলেও তিনি জানান।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

















