কুমিল্লা বিশ্ববিদ্যালয় দাওয়াহ কমিউনিটির উদ্যোগে দ্বিতীয়বারের মতো মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র ও দাওয়াতি শিক্ষা নিয়ে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়। কনফারেন্সে মহানবীর পবিত্র জীবন, আদর্শ, শিক্ষা ও কর্মময় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল হারাম মাদ্রাসার পরিচালক মাওলানা জুহায়ের বিন আব্দুস সাত্তার, লেখক ও সম্পাদক জাকারিয়া মাসুদ, জামেয়া আরাবিয়া কাসেমুল উলূম কুমিল্লার মুফতি ও মুহাদ্দিস মাওলানা তাওহীদুল ইসলাম এবং পাবলিক স্পিকার ও ডিজিটাল মার্কেটার আবু মোহাম্মদ রাফিউজ্জামান।
বক্তারা মহানবী (সা.)-এর দাওয়াতের ধরন, কৌশল ও উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা কুরআনের আয়াতের মাধ্যমে দাওয়াত প্রদান, মানুষের হৃদয় জয় করে সত্যের পথে আহ্বান এবং প্রজ্ঞা ও উত্তম পদ্ধতিতে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া রাসুল (সা.)-এর দাওয়াতের অন্যতম ভিত্তি তালিম ও তাজকিয়া বা জ্ঞান ও শিক্ষার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন এবং উত্তম চরিত্র গঠনের গুরুত্ব নিয়েও আলোকপাত করা হয়।
দাওয়াহ কমিউনিটির সভাপতি তানভীর আহমেদ আয়োজনের বিষয়ে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় দাওয়াহ কমিউনিটির পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো সিরাত সেমিনারের আয়োজন করতে পেরে তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছেন। তিনি উল্লেখ করেন যে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব কে, এই প্রশ্নের উত্তরে মুসলিমদের পাশাপাশি অনেক অমুসলিমও হযরত মুহাম্মদ (সা.)-কে স্বীকার করেন। এই সেমিনার আয়োজনের একমাত্র উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা যেন রাসুল (সা.)-এর মহান সিরাত সম্পর্কে জানতে পারে এবং তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে।

















