আটলান্টিক মহাসাগরে পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে অবস্থিত কেপ ভার্দের ফোগো দ্বীপে একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস রোববার (৬ সেপ্টেম্বর) এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং কিশোর-কিশোরী রয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে ফোগোর উত্তরাঞ্চলীয় একটি পাহাড়ি সড়কে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ মিটার গভীর একটি খাড়া খাদে গিয়ে পড়ে। এই দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে।
শিক্ষা কর্মকর্তাদের ভাষ্যমতে, এই ভ্রমণের আয়োজনটি কোনো স্থানীয় স্কুল কর্তৃপক্ষ করেনি। বাসচালক নিজেই প্রতিবছর ব্যক্তিগত উদ্যোগে এই ধরনের ভ্রমণের আয়োজন করে আসছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় চালক নিজেও নিহত হয়েছেন। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও আহতদের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

















