দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে অবস্থানরত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মতবিনিময় করেছেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যরা। সোমবার সকালে রাষ্ট্রপতির ঠাকুরগাঁও বাসভবনে আয়োজিত এই সভায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের কোনো বিকল্প নেই। তিনি মফস্বল এলাকায় কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে আহ্বান জানান, তারা যেন তৃণমূল ও প্রান্তিক জনগোষ্ঠীর নানা সমস্যা ও কথাগুলো নিষ্ঠার সাথে যথাযথভাবে গণমাধ্যমে তুলে ধরেন।
সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় স্থানীয় পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংকট ও দাবির বিষয়টি রাষ্ট্রপতির সামনে উপস্থাপন করেন। তারা ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভবন সম্প্রসারণের দাবি জানানোর পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত স্থানীয় সাংবাদিকদের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টে পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড গঠনের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।
সাংবাদিকদের এসব দাবি ও সমস্যার কথা শুনে রাষ্ট্রপতি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ এবং প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি দুই দিনের সফরে রবিবার ঠাকুরগাঁওয়ে পৌঁছান।

















