চট্টগ্রামের মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝর্ণা এলাকায় ঘুরতে গিয়ে পাথরে পা পিছলে পড়ে আহসান হাবীব ইমরোজ (২১) নামের এক কলেজছাত্র আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (০৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত ইমরোজ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ভাবকীড় মোড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং ফুলবাড়িয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ১৫ মিনিটের দিকে স্থানীয়দের মাধ্যমে ঝর্ণা এলাকায় এক পর্যটক আহত হওয়ার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহতের বন্ধু মারুফ হাসান জানান, সকালে তারা নাপিত্তাছড়া ঝর্ণায় ঘুরতে এসেছিলেন। ঝর্ণার পিচ্ছিল পাথরে পা পিছলে ইমরোজ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান সুরভি জানান, আহত পর্যটক ইমরোজের মাথায় মারাত্মক আঘাত লেগেছে। স্মৃতিভ্রমের লক্ষণ দেখা দেওয়ায় এবং মাথায় তাৎক্ষণিক সিটি স্ক্যান করার প্রয়োজন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

















