আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে। গত ৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই নতুন বিধিমালাটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
নতুন এই বিধিমালায় উপজেলা নির্বাচনে প্রার্থী এবং তাদের সমর্থকদের প্রচারণার ধরণ ও ব্যয়ের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলের সুযোগ রাখা হয়েছে। এছাড়া বিধিমালা লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান যুক্ত করা হয়েছে।
নতুন আচরণবিধির অন্যতম প্রধান পরিবর্তন হলো পোস্টারের ব্যবহার নিষিদ্ধ করা। এখন থেকে কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করতে পারবেন না। এছাড়া ভবন, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুতের খুঁটি, সরকারি স্থাপনা, সেতু ও কালভার্টের মতো বিভিন্ন স্থানে কোনো ধরণের প্রচারসামগ্রী প্রদর্শন করা যাবে না।
তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত প্রকাশ্য মিছিলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান ও ট্রেনসহ বিভিন্ন যানবাহন ব্যবহার করে কোনো ধরণের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না বলেও নতুন বিধিমালয় স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

















