রাঙ্গামাটি জেলা থেকে প্রতি মাসে প্রায় ২০ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে ‘রাঙ্গামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ করেন রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।
অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ইউপিডিএফকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করে বলেন, সংগঠনটি পাহাড়ের মানুষের অধিকারের কথা বললেও তাদের মূল কর্মকাণ্ড হলো চাঁদাবাজি। সম্প্রতি পাহাড়ে সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে ইউপিডিএফ মুখপাত্র মাইকেল চাকমার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুধু রাঙ্গামাটি জেলা থেকেই প্রতি মাসে প্রায় ২০ কোটি টাকা চাঁদা আদায় করা হচ্ছে। এ বিষয়ে পাহাড়ের সাধারণ মানুষকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ইউপিডিএফের কোনো দৃশ্যমান ত্রাণ তৎপরতা ছিল না বলে দাবি করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। তিনি প্রশ্ন তোলেন, সংগঠনটি আসলে কাদের জন্য আন্দোলন করছে। ইউপিডিএফের প্রতি কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, জনগণের শান্তি বিঘ্নিত করবেন না। পাহাড়ের জনগণই আপনাদের প্রতিহত করতে রুখে দাঁড়িয়েছে এবং তারাই আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
সেনাবাহিনীর কার্যক্রম শুধু নিরাপত্তা ও খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে রিজিয়ন কমান্ডার জানান, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, প্যারামেডিক প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, চোখের ছানি অপারেশন এবং কারিগরি দক্ষতা উন্নয়নের মতো বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক দুর্যোগের সময় পানিবন্দি মানুষকে উদ্ধারসহ সব ধরনের সহযোগিতায় সেনাবাহিনী মানুষের পাশে ছিল। তিনি বলেন, সেনাবাহিনী এই দেশ, অঞ্চল এবং অঞ্চলের মানুষকে ভালোবাসে।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। রাঙ্গামাটি থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ‘খেলার মাঠে প্রতিযোগিতা, মাঠের বাইরে সম্প্রীতি’ স্লোগান নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে জেলার ১০ উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। উদ্বোধনী ম্যাচে বরকল ও লংগদু উপজেলা ফুটবল দল মুখোমুখি হয়।
অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, ডিজিএফআই রাঙ্গামাটির কর্নেল মোহাম্মদ সাদাত বিন শহীদ এবং রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টুসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

















