দীর্ঘ ২৩ বছর পর আবারও পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ান গেমসের (সাফ গেমস) আসর। আগামী ২০২৭ সালের ৪ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এই ক্রীড়াযজ্ঞটি আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আঞ্চলিক পর্যায়ে ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সাউথ এশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক বৈঠকে ভারত তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছেন পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) মহাসচিব খালিদ মেহমুদ। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের পক্ষ থেকে এই আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে এবং আগামী জানুয়ারি মাসের মধ্যেই তারা নিজেদের দলের বিস্তারিত তথ্য পাঠাবে বলে আশা করা হচ্ছে।
আসন্ন এই প্রতিযোগিতায় ২৮টি ডিসিপ্লিনে অ্যাথলেটরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাকিস্তানের তিনটি প্রধান শহর—ইসলামাবাদ, লাহোর ও পেশোওয়ারে এই আসরের খেলাগুলো অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৫টি ডিসিপ্লিন আয়োজিত হবে ইসলামাবাদে। এছাড়া লাহোরে ক্রিকেট ও হকিসহ ১০টি এবং পেশাওয়ারে বাকি ৩টি ডিসিপ্লিন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হাজারের বেশি অ্যাথলেট, কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই আসরে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে সবশেষ ২০০৪ সালে পাকিস্তানে সাফ গেমস অনুষ্ঠিত হয়েছিল।

















