কক্সবাজারের রামুতে ৫৪ হাজার ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রামুর মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি আইফোন এবং নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়েছে। বিষয়টি প্রাথমিকভাবে গোপন রাখা হলেও বুধবার তা প্রকাশ্যে আসে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে আরাকান সড়কে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। মোটরসাইকেলচালক ২৭ বছর বয়সী মোহাম্মদ আলী মুন্না শিকদারকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলের ভেতরে লুকিয়ে রাখা বিশেষভাবে প্যাকেটজাত ৫৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বে থাকা ৩০ বিজিবির নায়েক সুবেদার মোহাম্মদ আরিফুর রহমান বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী জানান, আটকের সময় তার কাছে থাকা পরিচয়পত্রের ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়। তবে তিনি গ্রেপ্তারকৃত ব্যক্তি এপিবিএন সদস্য কি-না তা নিশ্চিত ছিলেন না। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানিয়েছেন, বিজিবির এজাহারের ভিত্তিতে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, অপরাধী যেই বাহিনীর সদস্যই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিদ্দিকী নিশ্চিত করেছেন যে, মোহাম্মদ আলী মুন্না তাদের বাহিনীর সদস্য। তিনি ২১ দিনের ছুটিতে ছিলেন এবং তাকে ১৬ এপিবিএন থেকে ঢাকায় বদলি করা হলেও নতুন কর্মস্থলে যোগদানের আগেই তিনি এই অপরাধে জড়িয়ে পড়েন।

















