রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে সরকার। একই সঙ্গে কিছু সুনির্দিষ্ট শর্ত মেনে হাসপাতালটিকে পুনরায় চিকিৎসা কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিল ও অধিকতর বিবরণীর ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। গত ১৫ই জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা পায় ওই কমিটি। কমিটির দাখিল করা প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
তবে পুনরায় কার্যক্রম পরিচালনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে তিনটি শর্ত মানতে হবে। শর্তগুলো হলো- ১৯৮২ সনের সংশ্লিষ্ট অর্ডিন্যান্স অনুযায়ী সব নির্দেশনা নিয়মিত প্রতিপালন করতে হবে; লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে; এবং লাইসেন্সের শর্তাবলী লঙ্ঘিত হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

















