চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত ২৮ জুন সরকারি সফরে বিদেশ গমন করেছিলেন সেনাপ্রধান। সফরকালে তিনি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এছাড়াও এই সফরে তিনি দেশ দুটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্পস্থাপনা পরিদর্শন করেন।

















