বাংলাদেশে সরকারি অর্থবছরের সময়কাল পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সময় পরিবর্তনের বিষয়টি অনুমোদিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছর থেকে বাংলাদেশের অর্থবছর ১ এপ্রিল শুরু হয়ে ৩১ মার্চ শেষ হবে। এই পরিবর্তনের প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২০২৭-২৮ অর্থবছরকে একটি ট্রানজিশনাল বা মধ্যবর্তী বছর হিসেবে গণ্য করা হবে। ফলে ২০২৭-২৮ অর্থবছরটি জুলাই থেকে মার্চ পর্যন্ত মাত্র নয় মাসের একটি সময়কাল নিয়ে শেষ হবে।
বর্তমানে বাংলাদেশে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত কার্যকর রয়েছে। তবে সরকারের পর্যবেক্ষণে দেখা গেছে, জুলাই ও আগস্ট মাসে বর্ষাকালের কারণে অবকাঠামো উন্নয়নমূলক কাজে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। এতে একদিকে যেমন কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়, তেমনি উন্নয়নকাজ দীর্ঘায়িত হওয়ার ফলে জনদুর্ভোগ বৃদ্ধি পায়। এই সমস্যাগুলো নিরসনে বর্ষা শুরুর আগেই উন্নয়ন প্রকল্পগুলো শেষ করার সুবিধার্থে অর্থবছর এপ্রিল থেকে মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই পরিবর্তনের পরবর্তী কর্মপন্থা ঠিক করতে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ বিভাগ এবং লেজিসলেটিভ বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হবে। এই পরিবর্তনের জন্য সংবিধান এবং ‘জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭’-এ প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। পাশাপাশি সরকারের আর্থিক ব্যবস্থাপনার সাথে যুক্ত বিভিন্ন প্রযুক্তিগত সিস্টেমেও প্রয়োজনীয় পরিবর্তন আনার কাজ শুরু হবে।

















