পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশের জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে কোনো কাজ করা হবে না। শনিবার (২২ আগস্ট) জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দৃঢ় অবস্থানের কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশ ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে শুধুমাত্র ভারত নয়, যে কোনো দেশের সঙ্গেই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং এর সঙ্গে কোনো ধরনের সমঝোতা করা হবে না।
শেখ হাসিনার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী আরও বলেন, দেড় হাজার মানুষ হত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি একজন পলাতক সন্ত্রাসী। শুধু তিনিই নন, ভারতে পালিয়ে থাকা অন্যান্য অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়েও বাংলাদেশ ভারতের সঙ্গে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করতে চায়। এটি একটি স্বাভাবিক দাবি।
এ সময় হুমায়ুন কবিরের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

















