বাংলাদেশ ও সৌদি আরব তাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দুই দেশই অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্র আরও সম্প্রসারণের লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ২৩তম বিশেষ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে লেখা একটি চিঠি হস্তান্তর করেন।
বৈঠকে দুই পক্ষই বাংলাদেশ-সৌদি সম্পর্কের বর্তমান ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে। ভবিষ্যতে এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে উভয় দেশই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উল্লেখ করেন যে, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে, যা বিভিন্ন খাতে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করেছে। তিনি অদূর ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ের সফরের সম্ভাবনার কথাও তুলে ধরেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সৌদি আরবের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত সম্পর্ক। তিনি আরও বলেন, বাংলাদেশে সৌদি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ ক্রমাগত বাড়ছে এবং সৌদি আরব দেশটির সঙ্গে বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা আরও বাড়াতে আগ্রহী।
আলোচনাকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সৌদি আরবের সার্বিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন। এছাড়া তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

















