শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দেশের ব্যাংক ও শেয়ারবাজারে টানা পাঁচ দিনের ছুটি শুরু হতে যাচ্ছে। এই দীর্ঘ ছুটির আগে আজ শনিবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ কর্মদিবসের মতোই আজ ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিন সরকারি ছুটি থাকবে। এর পরপরই ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এই ছুটির সমন্বয় করতেই আজ শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকায় একই সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। তবে পূজার ছুটিতেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অন্যদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতেও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার উদ্যোগ নিয়েছে। গত ১৫ অক্টোবর এনবিআরের কাস্টমস নীতি শাখা থেকে প্রকাশিত নির্দেশনায় বলা হয়, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব কাস্টমস হাউস ও স্টেশনে কার্যক্রম চালু রাখতে হবে। এর আগে গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে এবং ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানায়।

















