বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসেই বরিশালে সরকারি বিএম কলেজের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক সংলগ্ন নতুন রাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে রুনা আক্তার (২৮) নামের ওই কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, চলতি মাসের ১ তারিখে রুনা আক্তার নিজেকে পুলিশে কর্মরত এক ব্যক্তির স্ত্রী পরিচয় দিয়ে ওই বাসাটি ভাড়া নিয়েছিলেন। বাড়ির মালিকের স্ত্রীর ভাষ্যমতে, বাসা ভাড়া নেওয়ার পর থেকে রুনার স্বামী শাওন সশরীরে কখনো না এলেও ভিডিও কলের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলতেন। তবে বাসা ভাড়ার আনুষঙ্গিক প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার কথা থাকলেও তা এখনো প্রদান করা হয়নি।
সংবাদ পাওয়ার পরপরই কোতোয়ালি মডেল থানা পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

















