আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে দেশজুড়ে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সদস্যরা আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
সোমবার (১২ অক্টোবর) বিজিবি সদর দপ্তরের অপারেশন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে বিজিবি একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।
নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করবে বিজিবি। একইসঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সাড়া দেওয়া, সম্ভাব্য ঝুঁকিগুলো আগেভাগে শনাক্ত করা এবং গুজব বা সাম্প্রদায়িক উসকানি রোধে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
















