ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চালানো এই অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলার মঈনপুর, চন্ডিদার, কসবা, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহল দল এসব অভিযানে অংশ নেয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, গরু, চকলেট, শাড়ি, ডেরোবিন ক্রিম, অলিভ অয়েল, নারিকেল তেল, শ্যাম্পু, সাবান, মদ, গাঁজা ও ইজিবাইক। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৭৯ লাখ ৮১ হাজার ৮১০ টাকা।
অভিযান পরিচালনার সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম জানান, উদ্ধারকৃত পণ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হবে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
















