অনিবার্য পরিচালনগত কারণে রিয়াদগামী ২ টি ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার রাতে বিমানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নির্ধারিত ফ্লাইট BG339 এবং BG340 পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
ফ্লাইট স্থগিতের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের যে ভোগান্তি তৈরি হয়েছে, তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট যাত্রীদের এই মুহূর্তে বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।
বিমান জানিয়েছে, বর্তমানে তারা পরিস্থিতি পর্যালোচনা করছে। ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন কিংবা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী রোববার আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ভুক্তভোগী যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে অথবা নিকটস্থ বিমান বিক্রয় কেন্দ্রে (সেলস অফিস) যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই তা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট ও যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

















