আজ ১৪ অক্টোবর, বিশ্বব্যাপী পালিত হচ্ছে ৫৭তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এই দিবসটি উদযাপন করা হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Shared vision for a better world—Affordable and Clean Energy’। এর বাংলা ভাবার্থ হলো ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৭ নম্বর লক্ষ্যকে কেন্দ্র করে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও), ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি) এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)—বিশ্বের এই তিনটি প্রধান মান সংস্থা যৌথভাবে দিবসটি পালন করছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
এবারের প্রতিপাদ্যে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে কেবল জ্বালানি উৎপাদনই নয়, এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। সবার জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করতে আন্তর্জাতিক মান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার অফিসার্স ক্লাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

















