বাংলাদেশ

জয় বাংলা স্লোগান: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে শোকজ

প্রতিবেদক
সব খবর

সিরাজগঞ্জ পৌর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মিন্টু শেখ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরের মতি সাহেবের ঘাট এলাকায় আয়োজিত একটি মানববন্ধনে বক্তব্যের শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় জেলা বিএনপি এই পদক্ষেপ গ্রহণ করেছে।

জানা গেছে, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ওই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য দেওয়ার সময় মিন্টু শেখ স্লোগানটি দেন। পরবর্তীতে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ শোকজ নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে এই নোটিশ পাঠানো হয়েছে।

শোকজ নোটিশে বলা হয়েছে, বিএনপির দায়িত্বশীল পদে থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত এবং বর্তমানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় স্লোগান দেওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জেলা বিএনপি সূত্র জানিয়েছে।

সব খবর