বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. রফিকুল ইসলাম। তিনি এর আগে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য হিসেবে কর্মরত ছিলেন। রোববার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা এক প্রজ্ঞাপনে তাকে এই পদে পদায়ন করা হয়েছে।
এর আগে বিপিসির শীর্ষ নেতৃত্বে বেশ কিছু পরিবর্তন আসে। গত ২৬ জুলাই তৎকালীন চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর প্রায় এক সপ্তাহ পদটি শূন্য থাকার পর ২ আগস্ট জিয়াউল হককে বিপিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তী সময়ে ৭ আগস্ট জিয়াউল হককে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এরপর পুনরায় পাঁচ দিন পদটি খালি থাকার পর গত ১২ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধানকে বিপিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সবশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে ড. রফিকুল ইসলামকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হলো।

















