ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে আধুনিক ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ১০০টি বৈদ্যুতিক বাস কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এই বাস কেনা, ২৫টি চার্জিং স্টেশন স্থাপন এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নের জন্য ৪০০ কোটি টাকা অনুদান বা ইক্যুইটি বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব অজিত দেব স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই প্রস্তাবনা অর্থ বিভাগে পাঠানো হয়েছে।
বিআরটিসি জানিয়েছে, রাষ্ট্রীয় পরিবহন সংস্থা হিসেবে তারা সরকারের নির্দেশনা অনুযায়ী মহানগর ও প্রত্যন্ত অঞ্চলে গণপরিবহন সেবা নিশ্চিত করে আসছে। সরকারের নির্বাচনি ইশতেহারে উল্লিখিত সমন্বিত, দক্ষ ও সবুজ পরিবহন করিডোর গড়ে তোলা, কার্বন নিঃসরণ কমানো এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিআরটিসির মতে, ইলেকট্রিক বাস চালু হলে জ্বালানি ব্যয় ও বায়ুদূষণ কমবে, যাত্রীসেবার মান বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে পরিচালন ব্যয় হ্রাস পাবে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, এই বাসগুলো ঢাকার গুরুত্বপূর্ণ রুটের পাশাপাশি বিভাগীয় শহরগুলোর আন্তঃনগর রুটেও চলাচল করবে। এর আগে একই উদ্দেশ্যে ৪০০ কোটি টাকা অনুদান চাওয়া হলে অর্থ বিভাগ থেকে উন্নয়ন প্রকল্প গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে বিআরটিসি জানিয়েছে, বর্তমান আর্থিক সক্ষমতায় নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়। এছাড়া ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়ন করলে তা প্রতিষ্ঠানের ওপর বাড়তি ঋণ ও সুদের বোঝা তৈরি করবে। তাই ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেট থেকে ৪০০ কোটি টাকা ইক্যুইটি হিসেবে বরাদ্দ দেওয়ার জন্য পুনরায় অনুরোধ জানানো হয়েছে।
প্রস্তাবিত ৪০০ কোটি টাকার ব্যয়ের খাতগুলোর মধ্যে রয়েছে ১০০টি ইলেকট্রিক বাস কেনার জন্য ২৫০ কোটি টাকা, ২৫টি চার্জিং স্টেশন নির্মাণে ৫০ কোটি টাকা, আনুষঙ্গিক যন্ত্রপাতি ও স্পেয়ার পার্টস বাবদ ৩৫ কোটি টাকা, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তায় ২০ কোটি টাকা, পরিবহন ও নিবন্ধনসহ অন্যান্য খাতে ২৫ কোটি টাকা এবং ডিপো ও সংশ্লিষ্ট স্থাপনা উন্নয়ন ও মেরামতে ২০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমবে এবং যাত্রীদের জন্য আধুনিক ও নিরাপদ পরিবহনসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে বিআরটিসি।

















