চাঁদপুরের তিন নদীর মোহনায় মেঘনার তীব্র ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পুরান বাজার ঘাটসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তবে কার্গোটিতে থাকা পাঁচ শ্রমিকই দ্রুত সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন, ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
কার্গোটির চালক এরশাদ মাঝি জানান, মঙ্গলবার পাবনা থেকে ৩ হাজার ৮০০ বস্তা চাল ও ১ হাজার ৪০০ বস্তা ধান নিয়ে ‘পারবো’ নামের কার্গোটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বুধবার সকালে পুরান বাজার ঘাটের কাছাকাছি পৌঁছালে তিন নদীর মোহনায় সৃষ্ট তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে কার্গোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর কার্গোটি টেনে ডাকাতিয়া নদীর তীরে ভিড়িয়ে রাখা হয়েছে।
চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী জানিয়েছেন, ডুবে যাওয়া ধান ও চাল পুরান বাজারের সাতজন ব্যবসায়ীর। প্রাথমিক হিসাব অনুযায়ী, এ দুর্ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার বিষয়ে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন বলেন, কার্গোডুবির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য তাঁদের কাছে পৌঁছায়নি। অন্যদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর নদীবন্দরের উপপরিচালক মো. কামরুজ্জামান জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে নৌ-নিরাপত্তা বিভাগের উপপরিচালক বাবু লাল বৈদ্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

















