বাংলাদেশ

মৌলভীবাজারে পানপুঞ্জিতে যাতায়াত সহজ করতে কারিতাসের উদ্যোগে সিঁড়ি নির্মাণ

প্রতিবেদক
সব খবর

চট্টগ্রাম ও সিলেট বিভাগে আকস্মিক বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জরুরি প্রয়োজন মেটানো, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন এবং ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখা উপজেলায় একটি বিশেষ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (সিআরএস)-এর অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশের ব্যবস্থাপনায় এই জরুরি সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

প্রকল্পের আওতায় কুলাউড়া উপজেলার মৈদাম ও মুরইছড়া পানপুঞ্জি এবং বড়লেখার আদিবাসী এলাকার মোট ২৩৫টি ক্ষতিগ্রস্ত পরিবারকে জনপ্রতি ৬ হাজার টাকা করে শর্তহীন নগদ সহায়তা দেওয়া হয়েছে। এই আর্থিক সহায়তার মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলো তাদের নিজস্ব অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ব্যয় করার সুযোগ পেয়েছেন।

নগদ সহায়তার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ভূমিধসের ঝুঁকি হ্রাসে কুলাউড়া ও বড়লেখার বিভিন্ন পানপুঞ্জিতে নতুন সিঁড়ি নির্মাণের উদ্যোগ নেয় কারিতাস। এই অবকাঠামোগত উন্নয়ন স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচলকে সহজ ও নিরাপদ করার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে যোগাযোগব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিঁড়ি নির্মাণের ফলে আদিবাসী শিক্ষার্থী, পান বহনকারী শ্রমিক, স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা এখন নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন।

স্থানীয় পুঞ্জির বাসিন্দারা জানিয়েছেন, সিঁড়ি নির্মাণের আগে বিশেষ করে বর্ষাকালে তাদের চরম ভোগান্তির শিকার হতে হতো। বর্তমানে চলাচলের এই নতুন সুযোগ তৈরি হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। দুর্যোগপূর্ণ এলাকায় যাতায়াতের এমন প্রয়োজনীয় অবকাঠামো ভবিষ্যতে জরুরি পরিস্থিতিতেও কমিউনিটির জন্য বড় সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই জনকল্যাণমূলক উদ্যোগের জন্য পুঞ্জিবাসী প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (সিআরএস) এবং কারিতাস বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সব খবর