জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর মতো কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার বর্তমানে অত্যন্ত সবল অবস্থানে রয়েছে এবং এই সরকারকে দুর্বল ভাবার বিন্দুমাত্র সুযোগ নেই। বুধবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য যা যা প্রয়োজন, সরকার তার সবই করবে। যারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে দুর্বল করার অপচেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যে দেশে হাদির খুনি আশ্রয় পায়, তারাই মূলত অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তবে সরকার এ বিষয়ে যথেষ্ট সতর্ক রয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে এবং কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে নূরুল ইসলাম মনি জানান, সরকার খতিব ও পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করেছে এবং বিএনপি তাদের নিজস্ব মূল্যবোধকে এগিয়ে নেওয়ার জন্য যা যা প্রয়োজন তা করছে। এছাড়া সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সব পক্ষের সঙ্গেই আলোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে আলাপ-আলোচনা করেই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

















