চট্টগ্রামে টানা বর্ষণ ও জলাবদ্ধতার ফলে রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। এই পরিস্থিতিতে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি আটকা পড়ায় এর যাত্রা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ষোলশহর স্টেশন এলাকায় রেললাইনে পানি জমে গেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ট্রেনটি ষোলশহর স্টেশন এলাকা অতিক্রম করছিল। ভারী বৃষ্টির কারণে রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় বড় ধরনের যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনার ঝুঁকি এড়াতে চালক ট্রেনটি থামিয়ে দেন। সেই সময় থেকেই ট্রেনটি ওই এলাকায় আটকে রয়েছে।
রেলওয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই ট্রেনটি বর্তমানে থামিয়ে রাখা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। রেলওয়ে কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।
যাত্রীদের দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আরেকটি ইঞ্জিন এনে ট্রেনটিকে পুনরায় পেছনে টেনে চট্টগ্রামে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। হঠাৎ ট্রেন থামিয়ে দেওয়ার ফলে কক্সবাজারগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে অনেকে আতঙ্কে রয়েছেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

















