হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া পূর্ব গ্রামে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকাল পৌনে ৯টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে তেঘরিয়া গ্রামের বাসিন্দা শাহ আলম ও সজু মিয়ার মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এই পুরোনো বিরোধের জের ধরেই রোববার সকালে শাহ আলম ও সজু মিয়ার সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে এলাকাটি শান্ত রয়েছে। তবে সংঘর্ষে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

















