ক্রিশ্চিয়ানো রোনালদো অকপটে স্বীকার করে নিয়েছেন যে, তিনি এখন আর আগের মতো খেলোয়াড় নন। তবে ৪১ বছর বয়সী এই তারকা দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, দীর্ঘ ক্যারিয়ারে সমালোচনার কাছে তিনি কখনোই নতি স্বীকার করেননি। বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে নিজের ভবিষ্যৎ, বয়স এবং প্রতিনিয়ত ধেয়ে আসা সমালোচনা নিয়ে খোলামেলা কথা বলেছেন পর্তুগাল অধিনায়ক।
সংবাদ সম্মেলনে সমালোচকদের কড়া জবাব দিয়ে রোনালদো বলেন, ১৮ বছর বয়স থেকেই তিনি এসব দেখে আসছেন। গত ২৩ বছর ধরে অনেকে তাকে ‘শেষ’ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে সেটি কখনোই সম্ভব হয়নি। পর্তুগিজ এই ফরোয়ার্ডের মতে, এ ধরনের চেষ্টা কেবল সময়ের অপচয়। তিনি বলেন, আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে এতে কোনো লাভ হয়নি, তবু আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এসবের সঙ্গে তিনি এখন অনেকটাই অভ্যস্ত হয়ে উঠেছেন।
৪০ বছর পার হওয়ার পর সমালোচনা আরও তীব্র হয়েছে উল্লেখ করে রোনালদো জানান, এই সমালোচনাকেই তিনি নিজের উন্নতির অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেন। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি গোল করেছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোলের পাশাপাশি ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোল পেয়েছেন তিনি।
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা আরও বলেন, বিশ্বকাপ জয় বা পরাজয় তার ব্যক্তিগত পরিচয়ে কোনো পরিবর্তন আনবে না। তিনি বলেন, বিশ্বকাপ জিতলে আমি বেশি ক্রিশ্চিয়ানো রোনালদো হব না, আবার হারলেও কম রোনালদো হব না। স্পেনের বিপক্ষে আসন্ন ম্যাচটি নিয়ে তিনি স্বীকার করেন যে প্রতিপক্ষ বেশ শক্তিশালী, তবে পূর্ণ সাহস ও আত্মবিশ্বাস নিয়েই পর্তুগালকে মাঠে নামতে হবে।

















