নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে এই দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজের উপস্থিত থাকার কথা ছিল। তবে জাতীয় সংসদের পূর্বনির্ধারিত কার্যক্রমে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইউপিইটিসি তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুর রশীদ। উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আওলাদ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা কেবল অক্ষরজ্ঞান বা পড়ার ও লেখার দক্ষতা অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনের অন্যতম মূল ভিত্তি হিসেবে কাজ করে।

















