২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে জয়পুরহাট জেলায় শীর্ষস্থান অর্জন করেছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, যার মধ্যে ৪৮ জনই জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।
জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলের চিত্রও পাওয়া গেছে। জয়পুরহাট সরকারি কলেজে এবার ১ হাজার ১৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫৪ জন উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন। কলেজটির পাসের হার ৭৩ দশমিক ৭৫ শতাংশ। এছাড়া জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ৭৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪৭ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১২ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৬১ দশমিক ১৫ শতাংশ।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এই সাফল্য গত কয়েক বছরের ধারাবাহিক অর্জনেরই একটি অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিকনির্দেশনা এবং কলেজের অধ্যক্ষ মো. ইয়াছিনের দক্ষ তত্ত্বাবধানেই এমন ঈর্ষণীয় ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে বলে তারা মনে করেন।
শিক্ষার্থীরা তাদের এই সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ এবং বিশেষ করে অভিভাবকদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছেন। কলেজের অধ্যক্ষ মো. ইয়াছিন আশা প্রকাশ করেছেন যে, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















