বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন। এর আগে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। বেলা সোয়া ২টার দিকে দীপকে আদালতে আনা হয় এবং হাজতখানায় রাখার পর বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে তাকে এজলাসে তোলা হয়।
এর আগে গত শুক্রবার রাতে রাজধানীর উত্তরখান থানায় তাহসিফ সাউরির বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তুরাগ নদ থেকে তাহসিফের ভাসমান লাশ উদ্ধারের পর তার সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় নিশ্চিত করেছিল নৌ পুলিশ।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়েছিলেন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটের দিকে তিনি তার মায়ের মোবাইলে একটি মেসেজ পাঠিয়ে জানান যে তিনি বাসায় ফিরছেন। কিন্তু এরপর আর বাসায় ফেরেননি তিনি। পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

















