ভারতের উত্তর প্রদেশের বিশ্ববিখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দকে কেন্দ্র করে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। ১৮৬৬ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী মাদ্রাসার চত্বরে একটি শিবলিঙ্গ রয়েছে বলে দাবি করেছে ‘হিন্দু রক্ষা দল’ নামের একটি সংগঠন। তাদের দাবি, মুসলিম স্থাপত্যের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি কোনো এক মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছিল।
গত ৮ আগস্ট এক ভিডিও বার্তায় হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ড রাজ্য সভাপতি ললিত শর্মা এই বিতর্কিত ঘোষণা দেন। তিনি জানান, সংগঠনের জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরীর নেতৃত্বে কর্মকর্তাদের একটি দল আগামী ১১ আগস্ট (মঙ্গলবার) হরিদ্বার থেকে পবিত্র গঙ্গাজল নিয়ে দেওবন্দে উপস্থিত হবে। সেখানে তারা গঙ্গাজল নিবেদন করে শুদ্ধিকরণ ও প্রার্থনা করার পরিকল্পনা নিয়েছে। ভিডিওতে ললিত শর্মা আরও দাবি করেন যে, তারা এর আগে স্থানীয় প্রশাসনের কাছে দেওবন্দে পরীক্ষা-নিরীক্ষা চালানোর অনুমতির আবেদন করলেও প্রশাসন তাতে কর্ণপাত করেনি।
এদিকে, হিন্দুত্ববাদী সংগঠনটির এমন ঘোষণাকে কেন্দ্র করে ওই এলাকায় নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে স্থানীয় প্রশাসন। দেওবন্দ সার্কেলের পুলিশ কর্মকর্তা অমিত কুমার সিং স্পষ্ট করেছেন যে, কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বরদাশত করা হবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, কেউ যদি এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে পরিবেশ অশান্ত করার সুযোগ দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন।

















