ভারতের রাজধানী নয়াদিল্লিতে জাতীয় পতাকা নিয়ে মিছিল করার উদ্যোগের সময় ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং শিক্ষার্থী সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) কর্মী নেহা বোরাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) তাদের আটক করা হয়। অভিজিৎ দীপকে কনট প্লেস এলাকায় দলের ঘোষিত ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলে যোগ দিতে যাওয়ার পথে পুলিশ আটক করে। অন্যদিকে, মিছিল শুরু করার কিছুক্ষণ পর মান্ডি হাউসের কাছ থেকে নেহা বোরাকে আটক করা হয়।
দিল্লি পুলিশ অভিজিৎকে আগেই নোটিশ দিয়ে জানিয়েছিল যে, কনট প্লেস অনুমোদিত প্রতিবাদস্থল নয়, তাই সেখানে মিছিল না করার নির্দেশ দেওয়া হয়েছিল। পুলিশের জনসংযোগ কর্মকর্তা নেহা যাদব জানিয়েছেন, মিছিলের কোনো অনুমতি দেওয়া হয়নি এবং ওই এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। তবে অন্য কোনো উপযুক্ত স্থানে ছোট একটি দলকে মিছিলের অনুমতি দেওয়া হতে পারে বলে তিনি জানান।
মিছিল ঘিরে দিল্লির লুটিয়েনস এলাকায় ছয় হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে এবং অন্য জেলা থেকে আরও পাঁচ হাজার পুলিশ সদস্য প্রস্তুত রাখা হয়েছে। রাজীব চৌক, কনট প্লেসের বাজার, সেন্ট্রাল পার্ক, আশপাশের মেট্রো স্টেশন, যন্তর মন্তর ও পালিকা বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া সেন্ট্রাল পার্ক ও রাজীব চৌকের আশপাশে ১০টির বেশি নজরদারি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ তার দলের দুই নেতা আশুতোষ রানকা ও সৌরভ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচির ডাক দিয়েছিলেন। শুক্রবার বিকেল পাঁচটায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে জড়ো হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। তার বক্তব্য ছিল, জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। এদিকে মুম্বাই পুলিশের উপকমিশনার মনীশ কালওয়ানিয়া বৃহস্পতিবার জানান, আয়োজকেরা শুধুমাত্র আজাদ ময়দানে মিছিল করার কথা জানিয়েছেন, যা নির্ধারিত প্রতিবাদস্থল হওয়ায় সেখানে কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে।
















