ভারতের রাজধানী দিল্লির আকাশ ঘন কালো মেঘে ঢেকে যাওয়ার পর থেকেই বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে বজ্রপাত, ঝোড়ো হাওয়া ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। জন্মাষ্টমীর উৎসব উপলক্ষে বাইরে বের হওয়া দর্শনার্থীরা এই প্রবল বৃষ্টির কবলে পড়ে আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।
ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত দিল্লির পালাম এলাকায় প্রায় ৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত নাজাফগড়ে ০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।
দুপুর ২টা ১৫ মিনিটে প্রকাশিত আইএমডির স্বল্পমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছিল যে, বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দু-একটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়াসহ বজ্রপাতের আশঙ্কা প্রকাশ করা হয়।
আইএমডির পরবর্তী তিন ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, দিল্লির অধিকাংশ এলাকায় মাঝারি বৃষ্টির পাশাপাশি দু-একটি স্থানে ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকতে পারে, যা কোনো কোনো সময় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।

















