দেশব্যাপী চলমান তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে গোপালগঞ্জে একটি বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আজমুল হক এডিস মশাকে ‘বেয়াদব’ হিসেবে আখ্যায়িত করেন।
এ সময় মশার আচরণগত পরিবর্তনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সারা বাংলাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। আগে এডিস মশা পরিষ্কার পানি ছাড়া ডিম পাড়তো না, কিন্তু এখন এই ‘বেয়াদবরা’ ময়লা পানিতেও ডিম পাড়ছে। এর মাধ্যমে বোঝা যায় তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। এছাড়া আগে এই মশা শুধু সকাল ও সন্ধ্যায় কামড়াতো, কিন্তু এখন এরা রাতের বেলাতেও কামড়াচ্ছে। তাই সবাইকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিক উজ্জামান। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশীদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকারসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা।

















