সকালে শরীরচর্চা শেষে টি-শার্ট ও হাফ প্যান্ট পরা অবস্থায় মেট্রোরেলে উঠতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন সাজ্জাদ হোসেন নামের এক অ্যাথলেট প্রশিক্ষক। ঘটনাটি ঘটেছে ফার্মগেট মেট্রো স্টেশনে, যেখানে তাকে পাঞ্চ মেশিনের সামনে প্রায় ৪০ মিনিট আটকে রাখা হয়। ওই প্রশিক্ষক দীর্ঘ ১০ বছর ধরে ম্যারাথন ও আল্ট্রাম্যারাথনের প্রশিক্ষণ দিয়ে আসছেন এবং ঢাকার বিভিন্ন পার্কে নিয়মিত দৌড়ানোর প্রশিক্ষণ দেন।
ভুক্তভোগী সাজ্জাদ হোসেন জানান, সকালে রমনায় প্রশিক্ষণ শেষ করে ফার্মগেটে একটি ব্যক্তিগত কাজ শেষে তিনি বিজয় সরণি যাওয়ার জন্য মেট্রো স্টেশনে প্রবেশ করছিলেন। টিকিট কেটে স্টেশনে ঢোকার সময় দায়িত্বরত এক পুলিশ সদস্য তাকে ডেকে থামিয়ে দেন এবং তার পোশাক ‘অশ্লীল’ উল্লেখ করে মেট্রোতে প্রবেশে বাধা দেন। সাজ্জাদ নিজেকে রানিং কোচ হিসেবে পরিচয় দিলেও পুলিশ সদস্যরা তার কথা আমলে নেননি।
ঘটনার সময় জাকির নামের এক পুলিশ সদস্য সাজ্জাদকে বলেন, ‘আপনাকে বলা হয়েছে আপনি একটু শালীনতার সঙ্গে যান, এটা একেবারে পুরোপুরি শালীনতার মধ্যে পড়ে না।’ এর জবাবে সাজ্জাদ প্রশ্ন করেন, কোন নিয়মে এই পোশাক অশালীন তা লেখা আছে কি না। তখন ওই পুলিশ সদস্য দাবি করেন, এটি দেখা তার দায়িত্ব। সেখানে উপস্থিত আরও দুই পুলিশ সদস্য তাকে পাবলিক প্লেসে এই পোশাকে চলাফেরা না করার পরামর্শ দেন এবং প্রয়োজনে ট্রাউজার পরে আসার কথা বলেন।
সাজ্জাদ অভিযোগ করেন, এই সময় মেট্রোরেলের কন্ট্রোল বোর্ডের এক নারী কর্মকর্তা তার পোশাক নিয়ে প্রশ্ন তোলেন এবং ছবি তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যান। প্রায় ৪০ মিনিট এভাবে আটকে রাখার পর মেট্রোরেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাকে স্টেশনে প্রবেশের অনুমতি দেয়া হয়। ঘটনার পর সাজ্জাদ হোসেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুরো ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন।

















