সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি পরামর্শ দিয়েছেন দেশের বিভিন্ন পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা। রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন–সম্পর্কিত জাতীয় সংসদের বিশেষ কমিটির সঙ্গে আয়োজিত এক রুদ্ধদ্বার মতবিনিময় সভায় এই প্রস্তাব উঠে আসে।
সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, সম্পাদক ও সাংবাদিকেরা সংবিধান সংশোধনের প্রক্রিয়াটি যেন শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়ে জোর দিয়েছেন। তাঁরা মনে করেন, বিরোধী দলকে সঙ্গে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই কাজটি সম্পন্ন করা জরুরি। কেউ কেউ বলেছেন, সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার মানসিকতার ফল অতীতে ভালো হয়নি, সামনেও ভালো হতে পারে না। ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব৵বস্থা ও এর কাঠামো ঠিক করার পরামর্শ দিয়েছেন অনেক সম্পাদক ও সাম্পাদিকেরা। সভায় প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়োগ এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মতো বিষয়গুলোতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী যাতে একই ব্যক্তি না হন, সেই বিধান রাখার বিষয়টিও আলোচিত হয়েছে।
সম্পাদকদের এসব পরামর্শের জবাবে বিশেষ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই মতামতের সঙ্গে একমত। কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বিরোধী দলকে কমিটিতে যোগ দেওয়ার জন্য বারবার আহ্বান জানানো হয়েছে এবং ভবিষ্যতে তাদের স্বাগত জানানো হবে। তিনি আরও বলেন, সংবিধানের প্রস্তাবনা, ৪৮ ও ৫৬ অনুচ্ছেদসহ কিছু জায়গায় কোনো পরিবর্তন আনতে চাইলে গণভোটে দিতে হবে। আগামী জানুয়ারিতে বছরের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধন বিল সংসদে আনার পরিকল্পনা রয়েছে তাদের।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কমিটির পক্ষ থেকে বলা হয়, তারা জুলাই সনদ ও গণভোটের বিষয়টি ধারণ করেন। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী কিছু বিষয়ে পরিবর্তনের ক্ষেত্রে বিল পাসের পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোটের প্রয়োজন হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
বৈঠকে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ বিভিন্ন জাতীয় পত্রিকার সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেন। এছাড়া বিশেষ কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

















