ঢাকা মহানগরের তীব্র যানজট সমস্যা সমাধানে গৃহীত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড নির্মাণ প্রকল্পের কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের বর্তমান অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে গত রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনাগুলো সমন্বিতভাবে পর্যালোচনা করার নির্দেশনা দেন। তিনি প্রকল্পের বাস্তবায়নের পথে থাকা প্রতিবন্ধকতাগুলো দ্রুত চিহ্নিত করে তা নিরসনের ওপর জোর দেন। একইসঙ্গে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি কাজ শেষ করার জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের জন্য নির্দেশনা প্রদান করেন তিনি। প্রকল্পের কাজে দৃশ্যমান অগ্রগতি দ্রুত নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
উক্ত সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

















